জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নে রাজপথে থাকবে ১১ দলীয় জোট : অ্যাডভোকেট হেলাল

বরিশাল জার্নাল ডেস্ক

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব ধরনের গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। একই সাথে তিনি গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদের’ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।

শনিবার (৪ জুলাই) বরিশাল নগরীর একটি মিলনায়তনে আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবিধান সংস্কারের বিষয়ে অ্যাডভোকেট হেলাল বলেন, সংবিধান সংশোধন নয়, বরং গণভোটের ম্যান্ডেট অনুযায়ী সংবিধানের প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করার লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি করছে বিরোধী দলীয় জোট। এ লক্ষ্যে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি আমরা। সরকার এতে গড়িমসি করলে জুলাইয়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জনগণের ন্যায্য দাবি আদায়ে জনগণকে নিয়ে রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা ও সহিংসতার নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান ও ডক্টর এস এম মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ ও অধ্যাপক সাইদ আহমদ খান।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু মুনিম, মাওলানা কামরুল ইসলাম খান, অধ্যক্ষ মোশাররফ হোসাইন, অধ্যাপক মাসউদুর রহমান শিকদার, মো. সাইফুর রহমান, মুহাম্মাদ সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল জব্বার বলেন, বিরোধী জোট পার্লামেন্টে ও রাজপথে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সোচ্চার রয়েছে। এটি জামায়াত ও জোটের রাজনৈতিক অঙ্গীকার। আমরা জনগণের প্রতিটি অধিকারের পক্ষে থাকবো ইনশাআল্লাহ।

তিনি জানান, আগামী ১৮ জুলাই বরিশালে ১১ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন আমীরে জামায়াত ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এই ঐতিহাসিক মহাসমাবেশ সফল করতে তিনি নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top