বেতন-ভাতা ছাড়াও এক কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী

বরিশাল জার্নাল ডেস্ক

গেলো ১৭ বছরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার কর্মকর্তাদের স্বাভাবিক অবসর ও ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী। বকেয়া বেতন-ভাতার পাশাপাশি এক কোটি টাকার ‘বিশেষ আর্থিক প্রণোদনা’ও পাবেন তিনি।

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ১৫০ কর্মকর্তাকে এসব সুবিধার পাশাপাশি আর্থিক ও আনুষঙ্গিক আরও সুবিধার ঘোষণা দিয়ে বুধবাার (১ জুলাই) একটি গেজেটে জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জনসহ মোট ১৫০ জন অফিসারকে স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতিসহ স্বাভাবিক অবসর, অকালীন (বাধ্যতামূলক) অবসর বা পদোন্নতি প্রদান করা হয়েছে। তদানুযায়ী বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা এবং বিশেষ আর্থিক প্রণোদনা সুবিধা দেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সরকারি আদেশ জারি করা হয়।

গেজেটের বিবরণ অনুযায়ী, আবদুল্লাহিল আমান আযমীকে বিগত ২৬ ডিসেম্বর ২০১১ তারিখে মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। এর পর ২৬ ডিসেম্বর ২০১৪ তারিখে তাকে অবসরপূর্ব লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতিসহ বয়সসীমা শেষে স্বাভাবিক অবসর প্রদান করা হয়।

প্রকাশিত গেজেটে আরও বলা হয়েছে, আযমী তার পূর্বের ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর জেনারেল পদের বিধি মোতাবেক বকেয়া বেতন, ভাতা এবং আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। এর পাশাপাশি, বিশেষ আর্থিক বা প্রণোদনা সুবিধা হিসেবে তাকে এককালীন ১ কোটি টাকা দেওয়া হবে। এর বাইরে, বয়স ও যোগ্যতা সাপেক্ষে তাকে অন্য যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় পদায়নের সুপারিশও করা হয়েছে গেজেটে।

ঢাকা মেইল

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top