ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের টি-২০ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় তিন বছর পরে ইয়াসির আলী চৌধুরী ও চার বছর পরে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
বুধবার (১ জুলাই) বিসিবি ঘোষিত দলে অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে। নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস ছুটিতে থাকায়, তাঁকে এই সফরে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে।
বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরে রয়েছে। প্রথম টেস্টে ইনিংস ও ৮৫ রানে পরাজিত হয়েছে। তিন ম্যাচ টি-২০ শুরু হবে ১৫ জুলাই কুইন্স স্পোর্টস ক্লাবে। পরের দুই ম্যাচ যথাক্রমে ১৭ ও ১৯ জুলাই বুলাওয়েতে। প্রত্যেক ম্যাচ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু।
১৫ সদস্যের দলে ওপেনিংয়ে থাকছেন পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান ও তানজিদ হাসান। মিডল অর্ডারে অধিনায়কের সঙ্গে হাল ধরবেন সৈকত ও ইয়াসির। এদের মধ্যে সৈকত সর্বশেষ ২০২২ সালের ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে টি-২০ খেলেছেন। আর ইয়াসির খেলেছেন ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে এশিয়ান গেমসে।
লিটনের অনুপস্থিতিতে উইকেটের পেছনে থাকবেন নুরুল হাসান সোহান। দলে বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। পেস আক্রমণে যথারীতি অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে তরুণ নাহিদ রানা ও আবদুল গাফফার সাকলায়েন রয়েছেন।




