চরফ্যাশনে চাকরি মেলায় তরুণ-তরুণীর ঢল

বরিশাল জার্নাল ডেস্ক

স্বল্প আয়ের পরিবারের তরুণ-তরুণীদের স্বাবলম্বী করা এবং দক্ষ শ্রমবাজারের সঙ্গে সম্পৃক্ত করতে ভোলার চরফ্যাশনে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)’র মাঠে এ মেলার আয়োজন করা হয়।

বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র রেইজ৩ প্রকল্পের আওতায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) চাকরি মেলার আয়োজন করে।

মেলায় প্রায় ১০টি প্রতিষ্ঠানের স্টল অংশগ্রহণ করে। মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।

পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি এস এম ফিদা হাসান এবং এফডিএ পরিচালনা পরিষদের সদস্য ও নাছিউর রহমান শিপু।

এ ছাড়া উপস্থিত ছিলেন চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মাহামুদ আল ফরিদ ভূঁইয়া, এফডিএ’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর নাথ দেবনাথসহ সংস্থার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।

দিনব্যাপী মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

আয়োজক প্রতিষ্ঠান পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) আশা প্রকাশ করে, এ মেলার মাধ্যমে চরফ্যাশনের বহু দক্ষ ও যোগ্য বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top