মুলাদীতে ব্রিজের অভাবে অব্যবহৃতই থাকছে সরকারি রাস্তা, স্থানীয়দের দুর্ভোগ

মুলাদী সংবাদদাতা

মুলাদী থানাধীন চরকালেখা ইউনিয়নের ষোলঘর গ্রামের কেরামত আলী আকন বাড়ীর সামনে খালের উপর ব্রিজের অভাবে অব্যবহৃতই থেকে যাচ্ছে সরকারি খরচে নির্মিত রাস্তা, যার ফলে ভোগান্তিতে রয়েছে এলাকাবাসী।

৩৫নং ষোলঘর সরকারি প্রা: বি: থেকে মাঝের মৃধাবাড়ী মসজিদের সামনে থেকে যে সংযোগ সড়কটি কেরামত আলী আকন বাড়ীর সামনে খালের সাথে মিশেছে এখানে আদিকাল থেকে বাঁশের তৈরি একটি সাকো ছিল। ষোলঘর ও চরকালেখা যাওয়ার জন্য পশ্চিম ষোলঘরের কয়েক হাজার মানুষের এটাই ছিল একমাত্র পথ।

এলাকাবাসী দীর্ঘদিন যাবত বাঁশ দিয়ে এই সাকো নির্মাণ করে যোগাযোগ রক্ষা করে আসছে। বর্তমানে সাকো নির্মাণ সামগ্রী ও সাকো নির্মাণের দক্ষ লোকের অভাব হওয়ায় কাজটি অসম্ভব হয়ে পরে। যার ফলে দু’পারের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরো বেড়ে যায়। পশ্চিম পাড়ে একটি প্রাইমারি স্কুল ও দুটি মক্তব রয়েছে, তাছাড়াও পশ্চিম পাড় থেকে কয়েকশো শিক্ষার্থী চরকালেখা স্কুল, কলেজ ও মাদ্রাসায় আসা যাওয়া করে।

সম্প্রতি পশ্চিম পাড়ে খাল থেকে শুরু হয়ে মাঝের মৃধাবাড়ীর মসজিদের সামনের সংযোগ সড়কটিও মেরামত করা হয়েছে; কিন্তু সড়কের মাথায় সেতু না থাকায় সড়ক নির্মাণ অর্থহীন হয়ে পড়েছে।

এলাকাবাসী অনেকে সেই দুর্ভোগের কথা জানাতে গিয়ে বলেন, অনেক ইউপি সদস্য ও চেয়ারম্যানকে আমরা বলেছি কেউ সেভাবে ব্যবস্থা নেয়নি। ভুক্তভোগীদের একজন মিজান হাওলাদার বলেন, সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত, আমাদের ভোগান্তির কথা কেউ ভাবেনি।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মজিবর খানের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান যে, তিনি ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছন বিষয়টি, তবে আপাতত কোন বরাদ্দ নেই। পরবর্তীতে তাদের পরিকল্পনা আছে এখানে ব্রিজ করার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top