বোরহানউদ্দিনে গফুরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৭ দোকান

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

ভোলার বোরহানউদ্দিন উপজেলা উপজেলার গফুরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাজারটি বড়মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত। রবিবার (২৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেল্লাল ভ্যারাইটিজ স্টোর, নজরুল ফাস্ট ফুড, সোহেল ফার্মেসী, নিজাম খলিফার কাপড়ের দোকান, হাসান মালের হোটেল ও আহসান উল্লাহর মুদি দোকানসহ মোট সাতটি দোকানের মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বেল্লাল জানান, রাত ২টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় যান। ভোর রাতে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন পুরো দোকান আগুনে পুড়ে গেছে। তিনি বলেন, দোকানে নগদ প্রায় ১০ লাখ টাকা ছিল। এছাড়া সার-কীটনাশক, বিকাশের মোবাইল সিম, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন ধরনের মুদি মালামাল ছিল। আমার প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কিছুই বের করতে পারিনি।

এ বিষয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বোরহানউদ্দিন ইউনিটের সিনিয়র ফায়ার ফাইটার মো. সিদ্দিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানানো হবে। তিনি আরও জানান, পাঁচটি দোকান পুরোপুরি এবং দুটি দোকান আংশিক পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা আমীর মো. মাকসুদুর রহমান, পৌর আমীর মাওলানা আমান উল্লাহ, বড়মানিকা ইউনিয়ন আমীর, জামায়াত নেতা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন। এছাড়া যুবদল সভাপতি শিহাব হাওলাদারও ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top