রেজাল্টের দিনই হল ছাড়লেন প্রথম হওয়া শিবির নেতা

বরিশাল জার্নাল ডেস্ক

মাস্টার্সের ফল প্রকাশের দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল ছেড়েছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসাইন খাঁন। বুধবার (২০ মে) রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাদ্দকৃত পদ্মা-৬০০৬ নম্বর কক্ষের সিট আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেন তিনি। একই দিন প্রকাশিত মাস্টার্স পরীক্ষার ফলাফলে আরবি বিভাগে প্রথম স্থান অর্জন করেন এই শিক্ষার্থী।

হল ছাড়ার বিষয়টি নিজের ফেসবুক পোস্টে নিশ্চিত করেন সাজ্জাদ। সেখানে তিনি লেখেন, ‘বিদায় বিজয় একাত্তর হল, পদ্মা ৬০০৬। রেজাল্ট হলো আজ। তাই আজই অফিসিয়ালি হল ছেড়ে দিলাম। হলে উঠেছিলাম ২০২৪-এ। জুলাই গণঅভ্যুত্থানের পরে। আর আজ হল জীবন শেষ করলাম।’

তিনি আরও লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড়ো সমস্যা হলো সিট সমস্যা। এই সিট সমস্যাকে পুঁজি করেই ক্ষমতাসীন দল জন্ম দেয় গণরুম, গেস্টরুমের। তাই ইসলামী ছাত্রশিবিরের জায়গা থেকে শিক্ষার্থীদের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও অঙ্গীকার হচ্ছে—সিট সমস্যা সমাধান করা। আর এর জন্য প্রয়োজন, হলে থাকবে কেবল নিয়মিত শিক্ষার্থীরাই—এই নীতিমালার শতভাগ নিশ্চিত করা।’

বুধবার প্রকাশিত ঢাবির আরবি বিভাগের মাস্টার্স পরীক্ষার ফলাফলে সিজিপিএ-৪ এর মধ্যে ৪ পেয়ে প্রথম হন সাজ্জাদ হোসাইন। এর আগেও অনার্স পরীক্ষায় বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসাইন খাঁন নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা। ২০০০ সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা এই শিক্ষার্থী বর্তমানে গাজীপুরের টঙ্গীতে বসবাস করছেন। ২০১৯ সালে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে আলিম পাস করার পর একই বছর ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৩০তম স্থান অর্জন করেন। পরে নিজের আগ্রহের জায়গা হিসেবে আরবি সাহিত্য বিভাগে ভর্তি হন।

শিক্ষাজীবনের শুরু থেকেই ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছেন সাজ্জাদ। স্নাতক পর্যায়ে ৪-এর মধ্যে ৩.৯৯ সিজিপিএ অর্জন করে বিভাগে প্রথম হন তিনি। এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিনস অ্যাওয়ার্ড’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top