বরিশাল জার্নাল ডেস্ক
গাজীপুরের শ্রীপুরের একটি স্কুলের বারান্দা থেকে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা একটি ব্যাগে মিলেছে ৭০ হাজার ৮৬০ টাকা। মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে ওই ভিক্ষুকের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, যে ব্যক্তিটি মারা গেছেন তিনি ভিক্ষাবৃত্তি করতেন। সারাদিন ভিক্ষাবৃত্তি শেষে সোমবার রাতে তিনি শ্রীপুরের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাত্রিযাপন করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর কিছুসময় পর সকাল ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এসময় নিহতের ব্যাগ তল্লাশি করে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া যায়।
শ্রীপুর থানার সহকারী পরিদর্শক (এসআই), তাজুল ইসলাম জানান, মৃত ব্যক্তির গায়ে আঘাতের কোন চিহ্ন নেই। তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। প্রকৃত স্বজন পাওয়া গেলে ওই ব্যক্তির ব্যাগের ৭০ হাজার ৮৬০ টাকা ও মরদেহ আইনি প্রক্রিয়া মেনে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, মৃতের ব্যাগে টাকা ছাড়াও জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তিনি ভিক্ষুক কি না তা যাচাই ও নিহতের স্বজনদেরও খোঁজ করা হচ্ছে।




