পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পথে, কে হচ্ছেন মুখ্যমন্ত্রী

বরিশাল জার্নাল ডেস্ক

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয়ের পথে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ফলে এ রাজ্যে বিজেপিই সরকার গঠন করতে যাচ্ছে।

 

সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত (বাংলাদেশ সময়) গণনা করা ভোটের হারে বিজেপি এগিয়ে আছে ১৯৪ আসনে। আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৪ আসনে এগিয়ে। ফলে বিশাল জয়ের পথে বিজেপি।

 

২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য যে কোনো দলের প্রয়োজন ১৪৮ আসন।

 

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা ইতোমধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ। এ রাজ্যে বিজেপিই সরকার গঠন করতে যাচ্ছে।

 

ভোটের ফলাফল দেখে রাজ্য বিজেপির নেতাকর্মীরা বিজয় উদ্‌যাপন করছেন। বিজেপি সরকার গঠন করলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী, তাদের মধ্যে সেই আলোচনাও শুরু হয়ে গেছে।

 

নির্বাচনের আগে বিজেপি নেতা ও ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন।

 

এদিকে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন, এ নিয়ে সম্ভাব্য কয়েকজনের নাম উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

তাদের মধ্যে বর্তমান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন দাশগুপ্ত প্রমুখের নাম রয়েছে।

 

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top