বরিশাল জার্নাল ডেস্ক
বরিশালে প্রেমিকের বাসা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর কবি জীবাননন্দ দাশ সড়কের অক্সফোর্ড মিশন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাফি মঞ্জিলে এই ঘটনা ঘটে।
তরুণীর নাম সানজিদা কবির অনিতা (১৯)। নিহত সানজিদা কবির অনিতা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তেগাছিয়া গ্রামের মহাসিন কবির শাহিনের মেয়ে। সূত্র অনুযায়ী সানজিদা ছিলেন নার্সিং কলেজের শিক্ষার্থী।
অন্যদিকে অভিযুক্ত প্রেমিক মইনুল ইসলাম হিমু (৩০) ঝালকাঠি জেলা শহরের কাটপট্টি রোড এলাকার স্থানীয় বাসিন্দা মিল্টন আকনের ছেলে। মায়ের চাকরির সুবাদে নগরীর মুন্সি গ্যারেজ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন তারা।
অভিযুক্ত প্রেমিক হিমুর মা রোকেয়া বেগম জানান, হিমু এবং অনিতার মধ্যে প্রেম ছিল। তবে গোপনে অন্য ছেলের সাথে প্রেমের সম্পর্ক করে অনিতা। তাদের মধ্যে অবৈধ সম্পর্কও ছিল।
হিমুর মায়ের ভাষ্য, শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার সকালে আমি মেয়ের বাসায় যাই। তখন হিমুর প্রেমিকা অনিতা বাসায় আসে। এরপর দুপুর ১টার দিকে বাসায় এসে দেখি দরজায় তালা দেওয়া। তালা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পাই বিছানার ওপর পড়ে আছে অনিতার নিথর দেহ। এরপর ছেলে হিমুকে একের পর এক ফোন করলেও বন্ধ পাই তার মোবাইল নম্বর।
স্থানীয় সূত্রে জানা গেছে, অপসোনিন ফার্মায় চাকরি করতেন হিমু। সেখান থেকে তার চাকরি চলে যায়। এর আগে একবার বিয়েও হয়েছিল তার। প্রথম স্ত্রীকেও হত্যার অভিযোগ রয়েছে হিমুর নামে।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়না তদন্ত হবে। ঘটনার পর থেকে হিমুর খোঁজ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, শ্বাস রোধে হত্যা করা হয়েছে তাকে। হিমুকে আটক করতে পারলে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে জানান পুলিশ কর্মকর্তা।




