জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী আটক

বরিশাল জার্নাল ডেস্ক

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আপত্তিকর ছবি ও বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে মো. শাকিল আহমেদ (২৪) ওরফে ছোট বাবু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাকিল ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি আপত্তিকর ছবি পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন— ‘তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল খালি আমাদের বিয়ের কার্ড দিলো না? ১. পরিবার কার্ড ২. তেল কার্ড ৩. খেলাধুলা কার্ড আরো কিছু কার্ড রেডি’। পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এর স্ক্রিনশট বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়।

বিতর্কিত এই পোস্টটি নজরে আসার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে অবহিত করা হয়। পরে বুধবার (২২ এপ্রিল) বিকেলে দেবীগঞ্জ থানার এসআই ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটি যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top