‘আমার ভুল হয়েছে, আর হবে না’

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরুর প্রায় ২০ মিনিট আগে এক নৌপুলিশ সদস্য নিয়মবহির্ভূতভাবে পরীক্ষার হলে প্রবেশ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। নৌপুলিশ সদস্যের নাম ছরোয়ার।

 

জানা গেছে, নিয়ম অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেবল গেটে দায়িত্ব পালন করতে পারেন এবং সংশ্লিষ্ট থানা থেকে নিয়োজিত সদস্যরাই কেন্দ্রের নিরাপত্তায় থাকেন। তবে পোশাকধারী অবস্থায় দায়িত্বে না থেকেও ছরোয়ার নামের ওই নৌপুলিশ সদস্য পরীক্ষাকেন্দ্রে দুই দফা প্রবেশ করেন এবং নিজের এক স্বজনকে দেখে আসেন বলে অভিযোগ রয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পুলিশ সদস্য ছরোয়ার বলেন, কেন্দ্রে আমার যে স্বজন পরীক্ষা দিচ্ছে তিনি অসুস্থ ছিলেন। তাই দুইবার দেখতে গিয়েছি। আমি কোনো দায়িত্বে ছিলাম না।

পোশাকের অপব্যবহার হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ভুল হয়েছে, আর হবে না।

 

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন বলেন, কেন্দ্রের ভেতরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যের প্রবেশের সুযোগ নেই। তারা গেটে নিরাপত্তার দায়িত্বে থাকেন। ওই পুলিশ সদস্য অনধিকার চর্চা করেছেন। এ ধরনের আচরণের কোনো সুযোগ নেই। এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top