বরিশাল জার্নাল ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ক্ষমতাসীন দল বিএনপি প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগকি পার্টির (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, এক্ষেত্রে জামায়াতে ইসলামী উদারতা দেখিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে এই কমিটমেন্ট এবং উদারতা দৃষ্টান্ত হয়ে থাকবে।
সোমবার (২০ এপ্রিল) রাত আটটার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সারজিস আলম লেখেন, ‘অভ্যুত্থানের আগে থেকে শুরু করে সর্বশেষ নির্বাচন পর্যন্ত তারেক রহমান নিজে অসংখ্যবার জাতীয় সরকারের কথা বলেছেন। সে হিসেবে আমরা ভেবেছিলাম শক্তিশালী জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদে বিরোধী দল থেকেও একাধিকজনকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে।’
তিনি আরও লেখেন, ‘কিন্তু বিরোধী দল তো দূরের কথা, সরকারি দল তার নিজেদের জোট সঙ্গীদেরকেই মন্ত্রিপরিষদে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে জায়গা করে দিতে পারেনি। ২৫ জন মন্ত্রীর মধ্যে তাদের জোট সঙ্গী অন্য দলগুলো থেকে অন্তত একজন মন্ত্রী দেওয়ার মতো উদারতাও দেখাতে পারেনি।’
সোমবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। মনোনয়নের ক্ষেত্রে দলটি জোট শরিকদের সঙ্গে আবার প্রতারণা করেছে দাবি করেছেন সারজিস। তিনি মন্তব্য করেন, বিএনপি ন্যূনতম উদারতা দেখানোর মানসিকতা প্রদর্শন করতে পারেনি। ৩৬টি সংরক্ষিত নারী আসনের মধ্যে সবগুলো বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে।
সারজিস আলম আরও লেখেন, ‘দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের দলীয় প্রধানের কমিটমেন্ট যখন এত ঠুনকো হয় তখন তা আমাদেরকে আশাহত করে। অথচ দল হিসেবে জামায়াত মাত্র ১২টি সংরক্ষিত আসন পেলেও সেখান থেকে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে ১টি করে মোট ৩টি আসন ছেড়ে দেওয়ার মতো উদারতা দেখিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে এই কমিটমেন্ট এবং উদারতা দৃষ্টান্ত হয়ে থাকবে।’




