শফিকুল ইসলাম, আগৈলঝাড়া(বরিশাল)
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ইপিআই কর্মসূচি ও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোরশেদ সজীব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সিভিল সার্জন এস এম মনজুরে এলাহী।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শিশির কুমার গাইন, এমওডিসি ডা. মিলন হালদারসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রতিনিধি ডা. সাহানাজ বেগম, বিভাগীয় সমন্বয়ক ডা. মনিরুল আলম এবং ইউনিসেফের প্রতিনিধি।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মিয়া, শাহ মোহাম্মদ বখতিয়ার এবং এনায়েত খান (মনু)।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেন, হাম ও রুবেলা একটি প্রতিরোধযোগ্য রোগ। সরকারের লক্ষ্য দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে এ রোগ নির্মূল করা। এজন্য অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, দেশের সার্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে এই ক্যাম্পেইন বাস্তবায়ন সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং উপস্থিত অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা দেওয়ার আহ্বান জানানো হয়।




