
বরিশাল জার্নাল ডেস্ক
সপরিবারে রাজধানী ধানমন্ডির সীমান্ত সম্ভারে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে তিনি তার গুলশানস্থ বাসভবন থেকে বিডিআর সীমান্ত সিনেমা হলে যান।
বিষয়টি বিএনপির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন। কন্যা জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা তার সাথে রয়েছেন।
প্রধানমন্ত্রীর আগমনে সিনেমা হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২১ মার্চ দেশে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র ইতোমধ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ মূলত একটি ভ্রমণভিত্তিক ড্রামা, যেখানে একটি ট্রেনযাত্রাকে ঘিরে নানা চরিত্র, সম্পর্ক ও ঘটনার গল্প উঠে এসেছে।
‘বনলতা এক্সপ্রেস’ পরিচালনা করেছেন তানিম নূর। ছবির প্রধান চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী প্রমুখ।




