
মোঃ শফিকুল ইসলাম , বাকেরগঞ্জ
ঐতিহ্য ও প্রশাসনিক গুরুত্ব পুনরুদ্ধারের দাবিতে বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন নতুন করে জোরদার হয়েছে। এই দাবিকে সামনে রেখে আগামী ১০ এপ্রিল (শুক্রবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে একটি বৃহৎ মানববন্ধনের কর্মসূচি দেয়া হয়েছে।
এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে সামাজিক সংগঠন ‘গর্বের বাকেরগঞ্জ’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া এই মানববন্ধনে বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
পাশাপাশি ঢাকায় অবস্থানরত এলাকাবাসীরাও এতে যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে।
সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, এই কর্মসূচির মাধ্যমে বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিটি জাতীয় পর্যায়ে আরও শক্তভাবে উপস্থাপন করা সম্ভব হবে এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করবে।
তাদের মতে, একসময়কার ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ জেলা বিভিন্ন কারণে বিলুপ্ত হলেও এর ঐতিহাসিক গুরুত্ব, ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান জনসংখ্যা এখনো এটিকে একটি স্বতন্ত্র জেলার মর্যাদা পাওয়ার যোগ্য করে রেখেছে। এটি কেবল একটি দাবি নয়, বরং সময়ের প্রয়োজন।
মানববন্ধন সফল করতে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। তরুণ সমাজ, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী এবং প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বাকেরগঞ্জ আমাদের ইতিহাস ও পরিচয়ের অংশ। ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এর আগে বিভিন্ন সময় সভা, সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে এ দাবি জানানো হলেও এবারের উদ্যোগটি সমন্বিতভাবে আয়োজন করায় এটি নতুন মাত্রা পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




