বিতর্কিত বক্তব্যের কারণে অস্ট্রেলিয়ায় বহিষ্কারের খবর সত্য নয়: আজহারি

বরিশাল জার্নাল ডেস্ক

সম্প্রতি হিটলার ও ইহুদি নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে অস্ট্রেলিয়া থেকে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারিকে বহিষ্কার করা হয়েছে বলে কয়েকটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। তবে আজহারী কোনো বক্তব্য দেননি এবং বিদেশি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

 

বুধবার (১ এপ্রিল) পৌনে ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান আজহারি। পোস্টে তিনি বলেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে আমি অস্ট্রেলিয়াতে অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য—কারণ এখনো পর্যন্ত আমি এখানে কোনো বক্তব্যই দিইনি। প্রিয় সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে বিষয়টি সহজেই যাচাইযোগ্য।

 

তিনি লেখেন, বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়; আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে— পুরনো, বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রসাশনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যেমন যুক্তরাজ্যেও বাধা সৃষ্টি করা হয়েছিল। অথচ আমি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আমার বহু আলোচনাতেও যা স্পষ্ট প্রতীয়মান।

 

এর আগে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, অ্যান্টিসেমিটিক মন্তব্য ও ঘৃণাত্মক বক্তব্য ছড়ানোর অভিযোগে মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তার জাতীয় পর্যায়ের বক্তৃতা সফরের মাঝপথেই তার ভিসা বাতিল করা হয় এবং বর্তমানে তিনি বহিষ্কারের অপেক্ষায় আছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top