বরিশাল জার্নাল ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে নয়ন ফিলিং স্টেশন নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল।
আদালত সূত্রে জানা গেছে, নয়ন ফিলিং স্টেশনের সামনে ‘তেল নেই’ সংবলিত ব্যানার সাঁটিয়ে রাখা হয়েছিল। সেখানে তল্লাশি চালায় জেলা প্রশাসন। তল্লাশির সময় পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাংকে ২ হাজার ৪৮৯ লিটার পেট্রোল এবং ১০ হাজার লিটার ডিজেল মজুত পাওয়া যায়। পর্যাপ্ত জ্বালানি মজুত থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে তা বিক্রি না করে মজুত রাখা হয়। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাম্প মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল জানান, জনদুর্ভোগ সৃষ্টি করে তেলের কৃত্রিম সংকট তৈরি করা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। জরিমানার পাশাপাশি মজুতকৃত তেলগুলো অবিলম্বে সাধারণ গ্রাহকদের মধ্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। এশিয়া পোস্ট




