ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি

ডেস্ক রিপোর্ট

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে লবণচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও তার ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। তাদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

স্থানীয়রা জানান, তিন বছর আগে কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকের একটি মামলায় কারাগারে যান। সেখানে সন্ত্রাসী ইমরানের সঙ্গে তার পরিচয় হয়। রাশিদুল তার বাড়িতে আসা-যাওয়া করতেন। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের সুসম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস আগে ইমরান একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন।

 

এ ঘটনা শুনে ক্ষুব্ধ হন ইমরান, তিনি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন। এমন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, পরকীয়ার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। হামলায় ছয়জন অংশ নেন। তাদের আটকের চেষ্টা চলছে। এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top