
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, জাতীয় নির্বাচনে জনগন স্বতঃস্ফূর্তভাবে জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছে। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোটের রেজাল্ট পাল্টে দেয়া হয়েছে।
বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোটের চিত্র একরকম ছিলো, আর রাত এগারোটা থেকে সকাল ছয়টার ভেতরে সমস্ত রেজাল্ট পাল্টে গেল। যারা এই ইঞ্জিনিয়ারিং করেছে তাদের মুখ থেকেই আজ স্বীকারোক্তি বের হচ্ছে। আল্লাহ তায়ালা তাদের মুখ থেকে আসল কথা বের করে দিয়েছেন। ভবিষ্যতে আরো অনেক কিছু আপনারা জানতে পারবেন।
এই জামায়াত নেতা আরো বলেন, যারা সরকার গঠন করেছে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী ভুমিকা রাখবে। তবে অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব- এসব কাজে আমরা কাউকে সহযোগিতা করতে চাই না। আমরা চাই মানুষ শান্তিতে থাকুক, মানুষের কল্যাণ হোক। সব ধরণের ভালো কাজে আমরা বিরোধী দল হিসেবে সরকারকে আন্তরিক সহযোগিতা করবো।
দাড়িয়াল ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের ব্যবাসায়ী বিভাগের সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন হাওলাদার, উপজেলা ওলামা বিভাগের প্রধান মাওলানা নুরুল হক। এছাড়া স্থানীয় ও উপজেলা নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।




