অপারেশন `ডেভিল হান্ট’ : বাবুগঞ্জে জাতীয় পার্টির নেতা আটক

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে নাশকতার অভিযোগে দায়ের করা বিস্ফোরক মামলায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালামকে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।

আটককৃত আব্দুস সালাম কেদারপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ থানার সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি একটি বিস্ফোরক মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে আব্দুস সালামের নাম অন্তর্ভুক্ত ছিল।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ এহতেশামুল ইসলাম বলেন, থানার সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। বর্তমানে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে একটি সূত্র দাবি করেছে, ইউপি সদস্য আব্দুস সালাম থানায় একটি শালিশি বৈঠকে অংশ নিতে এলে সেখান থেকেই পুলিশ তাকে আটক করে।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা চলছে। পুলিশ বলছে, তদন্তের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top