বরিশাল জার্নাল ডেস্ক
বহুল আলোচিত স্কাইপে কেলেঙ্কারি ফাঁস করা সাংবাদিক অলিউল্লাহ নোমানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাকে হবিগঞ্জ-৪ (মাধবপুর চুরুনঘাট) আসনে মনোনয়ন দেয়া হয়েছে। যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন ঘোষণা দেয়নি।
ওই আসনে আগে মনোনয়ন দেয়া হয়েছিল হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান কে। সোমবার বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন এই আসনে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার ব্যাপারে আমার সাথে পরামর্শ করে আমার সম্মতিতেই সিদ্ধান্ত নিয়েছে।
সংগঠনের সিদ্ধান্ত, দেশের স্বার্থ এবং ইসলামী রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত ও মেনে নিচ্ছি।
তিনি আরো লিখেছেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই—ব্যক্তিগত পদ-পদবি বা মনোনয়ন নয়; আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা। তাই আমি নিজে এবং আমার সহকর্মীরা পূর্বের মতোই পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠে কাজ চালিয়ে যাবো।
কে এই অলিউল্লাহ নোমান
সাংবাদিক অলিউল্লাহ নোমান বহুল আলোচিত স্কাইপে কেলেঙ্কারি ফাঁস করে দেশে হৈচৈ ফেলে দিয়েছিলেন। ওই ঘটনার পর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রোষানল থেকে বাঁচতে তাকে দেশ ত্যাগ করে লন্ডনে রাজনৈতিক আশ্রয় নিতে হয়।
বর্তমানে তিনি দৈনিক আমার দেশের বৃটেনে অফিসের আবাসিক সম্পাদক হিসেবে কর্মরত আছেন। দেশ ত্যাগের পর তিনি অনলাইনে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছিলেন। হাসিনা সরকারের পতনের পর গত বছর নভেম্বরে দৈনিক আমার দেশ পুনরায় প্রকাশিত হওয়া শুরু করলে অলিউল্লাহ নোমান আবার সাংবাদিকতার জগতে ফেরেন।




