বিপিএলে ডাক পাওয়া কে এই এমিলিও গে?

ক্রীড়া ডেস্ক

১২ বছর পর অনুষ্ঠিত বিপিএল নিলামে সবচেয়ে বেশি নজর কাড়েন নাঈম শেখ। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এই নিলামে ৫০ লাখ টাকার ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। রংপুর রাইডার্স ৯২ লাখ টাকায় তাওহীদ হৃদয় এবং ৭৫ লাখ টাকায় লিটন দাসকে দলে নিয়েছে।

তবে নিলামের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিলেন ইতালির বাঁহাতি ব্যাটার এমিলিও গে। রংপুর তাঁকে মাত্র ১০ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ১৭ হাজার টাকা) দলে ভিড়িয়েছে। অবাক করা বিষয় হলো- পীযুষ চাওলা, দিনেশ চান্দিমাল, চারিথ আসালাঙ্কা, জো ডেনলি, মোহাম্মদ হারিস থেকে শুরু করে আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় অবিক্রীত থাকলেও সহযোগী দেশের এই ক্রিকেটার দল পেয়ে গেছেন।

এমিলিও ইতালির হয়ে এখন পর্যন্ত খেলেছেন মাত্র তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। স্কটল্যান্ডের বিপক্ষে এ বছরের জুলাইয়ে আঞ্চলিক বাছাইপর্বে ২১ বলে ৫০ রান করে তিনি একমাত্র ফিফটি করেছেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ইতালি, যা হবে তাদের প্রথম কোনো আইসিসি ইভেন্ট।

ইংল্যান্ডের বেডফোর্ডে জন্ম নেওয়া এমিলিও গে আসলে বেশি পরিচিত ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটার হিসেবে। তাঁর মায়ের পরিবার ইতালিতে থাকেন আর বাবার পরিবার গ্রেনাডায়। মায়ের সূত্রে আইসিসির নিয়ম অনুযায়ী ইতালির হয়ে খেলতে পারছেন তিনি। এখনো ইংল্যান্ডের টেস্ট দলে ডাক না পাওয়ায় নিয়মতান্ত্রিক বাধাও নেই।

ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখলেও বিশ্বকাপে অংশ নেওয়া তাঁকে ভীষণ উচ্ছ্বসিত করেছে। ডেইলি মেইলে দেওয়া এক সাক্ষাৎকারে এমিলিও বলেন, “শিশুকাল থেকেই ইংল্যান্ডের হয়ে খেলতে চেয়েছি। তবে বিশ্বকাপে খেলাটা দারুণ অনুভূতি। আমাদের গ্রুপেই আছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, এই তিন দেশই আমার জীবনের সঙ্গে জড়িয়ে।”

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে ইতালি, বাংলাদেশ, ইংল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ইতালির বিশ্বকাপ অভিযান শুরু হবে ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ ফেব্রুয়ারি নেপালের মুখোমুখি হবে তারা মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। আর ১৬ ও ১৯ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে কলকাতায়।

সূত্র : ঢাকা মেইল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top