বরিশাল জার্নাল ডেস্ক
বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) আহবায়ক ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেছেন,“জাতীয়তাবাদী আদর্শ সবসময়ই সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও নিরাপত্তায় বিশ্বাসী।
তিনি আরও বলেন, যেকোনো মূল্যে বাকেরগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। বিএনপি সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।
তিনি রবিবার (৯নভেম্বর) সকালে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত বাকেরগঞ্জ উপজেলাধীন সকল ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আবুল হোসেন খান আরও বলেন, বাকেরগঞ্জে বিএনপি শুধু সংখ্যাগরিষ্ঠের নয় বরং প্রতিটি ধর্মীয় জনগোষ্ঠীর আস্থা ও ভরসার ঠিকানা। বর্তমানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন চলছে, তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের আরও জোরালো ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিএনপির সংহতি পুনর্ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, বরিশাল জেলার বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক মন্টু চন্দ্র বৈদ্য, সদস্য সচিব কলিন্স রায়, বাকেরগঞ্জ উপজেলার সদস্য সচিব গোপাল চন্দ্র দাস সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




