ভোলায় সংঘর্ষ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-বিজেপির

 

মোঃ জামাল উদ্দিন, ভোলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোলায় বিএনপি ও বিজেপি (পার্থ)–এর কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বাজার বিজেপি অফিসের সামনে উভয় দলের কর্মীরা মুখোমুখি হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ। মুহূর্তেই নতুন বাজার থেকে ভোলা প্রেসক্লাব পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এসময় ভোলা সদর থানার সেকেন্ড অফিসার এসআই আউয়াল, দৈনিক আজকের ভোলা’র সহ-সম্পাদক ও বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি এম শাহরিয়ার ঝিলন, নিউজ ২৪-এর ক্যামেরাপার্সন রানা ইসলামসহ উভয় দলের প্রায় ৫০ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের বিষয়ে ভোলা সদর বিজেপির জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, বিএনপির একটি গ্রুপ পরিকল্পিতভাবে আমাদের অফিসে হামলা চালিয়েছে। তারা অতর্কিত আক্রমণ করে আমাদের অন্তত ৩০–৪০ জন কর্মীকে মারাত্মকভাবে আহত করেছে।

অপরদিকে, দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, বিজেপির কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল দুপুর ১২টার আগে। আমরা সংঘাত এড়াতে সাড়ে ১২টায় মিছিল বের করি। কিন্তু কাবিল মসজিদের কাছে পৌঁছালে কে বা কারা ককটেল নিক্ষেপ করে, তখনই সংঘর্ষের সূত্রপাত হয়।

তিনি আরও অভিযোগ করেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি তৃতীয় পক্ষ ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে তারা সহিংসতায় পরিণত করেছে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল পর্যন্ত নতুন বাজার ও বিজেপি অফিস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top