মুলাদীতে শিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলা

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালের মুলাদীতে ইসলামী  ছাত্রশিবিরের নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলার মুলাদী উপজেলায় মুলাদী সরকারি কলেজে ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুই পক্ষের এখন পর্যন্ত ২৫ জনের মতো আহত হয়েছেন।

বরিশাল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইয়েদ আহমেদ জানান, আগামী ২৩ তারিখ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আমাদের একটি ক্যারিয়ার গাইড লাইন অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠান সফল করতে জেলা ও উপজেলার শিবিরের দায়িত্বশীলরা মুলাদী কলেজে যায়। তখন ছাত্রদলের উপজেলা ও কলেজ শাখার নেতারা অতর্কিত হামলা চালিয়ে ২০ থেকে ২৫ জনের মতো শিবিরের নেতাদের আহত করে। এরমধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তারা।

তবে অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী বলেন, ডাকসু নির্বাচনের পর থেকে পুরো কলেজ নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করে শিবির। এক পর্যায়ে শিবির তারেক রহমানকে নিয়ে কটুক্তি করলে সেটার প্রতিবাদ করে ছাত্রদলের কলেজ শাখার সভাপতি। পরে তাকে কলেজ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে শিবির আমাদের উপর হামলা করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ২ জন ছেলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছিল সেটা শিক্ষকরা মীমাংসা করে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি পুরো পুলিশের নিয়ন্ত্রণে।

এদিকে, ইসলামী ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এক বিবৃতিতে জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমির অধ্যাপক আবদুল জব্বার ও বরিশাল মহনগর আমির জহিরউদ্দিন মুহাম্মাদ বাবর এই আহ্বান জানান। পাশাপাশি নেতৃবৃন্দ এই ঘটনায় তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া ও আহতদের সুচিকিৎসার দাবি জানান।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top