মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে ২ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টার হাট সংলগ্ন পশ্চিম পাশের মেঘনা নদী থেকে ১ টি লাশ উদ্ধার করা হয়। পরে দুপুর ১২ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের কাউয়ার টেক এলাকার পূর্ব পাশের মেঘনা নদী থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লাশ দুটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়। স্থানীয়রা লাশ দুটি নদীতে ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে মনপুরা থানা পুলিশ লাশ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর আত্মীয়-স্বজনরা খবর পেয়ে থানায় এসে শনাক্ত করে নিয়ে যায়। লাশ দুটি গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) আকস্মিক ঘূর্ণিঝড়ে ডুবে যাওয়া মাছধরা ট্রলারে থাকা জেলেদের বলে জানিয়েছে তাদের পরিবার।
শনাক্ত হওয়া প্রথম লাশটি জেলার তজুমুদ্দিন উপজেলার ০২ ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের আঃ মালেকের ছেলে মোঃ বেলাল হোসেনের (২৫) বলে শনাক্ত করে তার স্বজনরা। এবং দ্বিতীয় লাশটি একই উপজেলার হাজীর হাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সোনার চর গ্রামের বাসিন্দা আবু তাহেরের ছেলে আলাউদ্দিনের (৩০)।
এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত লাশ দুটি তাদের পরিবারের লোকজন শনাক্ত করেছেন। কোন প্রকার আপত্তি না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মনপুরা থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।




