চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় চরফ্যাশন বাস টার্মিনাল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। চরফ্যাশন থানা পুলিশ ও হাসপাতাল সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহতরা হলেন চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের মো.কামাল উদ্দিনে ছেলে ইমন (১৬), বোরহান উদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের মো. ইলিয়াসের ছেলে নেসার উদ্দিন (১৮)। আহত চরফ্যাশনের জনতা বাজার এলাকার মো.আনসার আলীর ছেলে মো. সিয়াম(২০)।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, নিহত দুই মাদ্রাসা ছাত্র বোরহানউদ্দিন উপজেলার একটি মাদ্রাসায় পড়ালেখা করেন। ছুটিতে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের বন্ধু ইমনের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার বিকালে তিন বন্ধু মিলে মোটরসাইলে ঘুরতে বেড়িয়ে চরফ্যাশন বাস টার্মিনাল এলাকায় এলে একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে সামন থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। এসময় নসিমনের চাকায় পিষ্ট হয়ে ইমনের ঘটনাস্থলে মৃত্যু হয়।
অপর গুরুতর আহত নেসার উদ্দিন ও মো. সিয়ামকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত নেসার উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বরিশাল নেয়ার পথে সন্ধ্যা ৬ টায় এ্যম্বুলেন্সে তার মৃত্যু হয়। অপর আহত সিমায়কে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ ছাড়া একই দিন চেয়ারম্যান বাজার সড়কে পৃথক মটর সাইকেল দুর্ঘটনায় মো: হাসনাইন (৩০) তার মেয়ে মাইশা( ৪) মারাত্মকভাবে আহত হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয় তাদের।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, দুঘটনার পরপরই নসিমন ফেলে চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক নসিমন ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে। এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।




