তজুমদ্দিন প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ১৭ বছর বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করেছে। আমাদের চেষ্টা ব্যর্থ হওয়ায় আল্লাহ নিজেই হস্তক্ষেপ করে মাত্র অল্প কয়েক দিনেই আ’লীগের পতন করেছে; কিন্তু আমি দুঃখের সাথে অবলোকন করছি নেতাকর্মীরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে।
তিনি বলেন, চরাঞ্চলের মানুষের উপর নিপীড়ন হচ্ছে। এতে শহিদ জিয়ার বিএনপির সুনাম ক্ষুন্ন হচ্ছে। আ’লীগের মতো অপকর্ম করলে আমাদের অবস্থাও তাদের মতো হবে। আমি জীবিত থাকতে লালমোহন- তজুমদ্দিনে তা হতে দিবো না।
রবিবার, ২২ ডিসেম্বর তজুমদ্দিন সফরকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা বলেন, ভারতীয় ষড়যন্ত্র থেমে নেই। বাংলাদেশে একটি আজ্ঞাবহ সরকার প্রতিষ্ঠায় ভারতের অপচেষ্টা অব্যাহত আছে। তিনি নেতাকর্মীদের শহিদ জিয়ার আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




