রাঙ্গাবালীতে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াত-শিবির

রবিন আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী)

দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আলোচনা সভা করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। শনিবার উপজেলা সদরের প্রাণকেন্দ্রে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলায় প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে এমন আলোচনা সভা করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় এ আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পটুয়াখালী জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ শাহ আলম। বক্তৃতায় তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হয়েছে। এখন আর সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট চলবে না; কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, সন্ত্রাসী-চাঁদাবাজির হাতবদল হয়েছে। এ জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি বন্ধ করতে চাই। এ দেশের মানুষের জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কাজ করবে বাংলাদেশ জামায়াত ইসলামী।

রাঙ্গাবালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ কবির হুসাইনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের রাঙ্গাবালী উপজেলা সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন, ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুহাম্মদ মেহেদী হাসান নাহীদ, জামায়াতের রাঙ্গাবালী উপজেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মাসুদুর রহমান, গলাচিপা উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ জাকির হোসেন, ছাত্রশিবির পটুয়াখালী জেলার সাবেক সভাপতি মাওলানা ইয়াহ ইয়া খান প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top