বানারীপাড়ায় মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে অফিস ফাঁকির অভিযোগ, নারী দিবসের বরাদ্দও নিয়ে প্রশ্ন

 

নিজস্ব প্রতিবেদক

বরিশালের বানারীপাড়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন গত দুইদিন ধরে ছুটি ছাড়াই অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমান জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা তার কাছ থেকে কোনো ছুটি নেননি।

অন্যদিকে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দাবি, সরাসরি কোনো ছুটির আবেদন না করলেও ই-মেইলের মাধ্যমে একটি আবেদন পাঠানো হয়েছে। তবে নিয়ম অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে লিখিত ছুটি নিয়ে তাকে অবহিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, যদি অনুমতি ছাড়া ছুটি নেওয়া হয়ে থাকে, তাহলে তা সঠিক হয়নি।

এদিকে, গত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বানারীপাড়ায় সরকারি বরাদ্দ ছিল ৪০ হাজার টাকা। কিন্তু অভিযোগ উঠেছে, অনুষ্ঠানের বেশিরভাগ ব্যয় বহন করেছে বেসরকারি সংস্থা প্রতিবন্ধী পরিষদ। তাদের অর্থায়নে গেঞ্জি, ব্যানার এবং অতিথিদের খাবারের বড় অংশের ব্যবস্থা করা হয়। সাউন্ড সিস্টেমও ব্যবহার করা হয়েছে উপজেলা পরিষদের নিজস্ব।

এতে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে— নারী দিবস উপলক্ষে বরাদ্দকৃত ৪০ হাজার টাকা কোথায় ব্যয় হয়েছে? বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top