বরিশাল জার্নাল ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বাড়ির সামনে বিএনপি নেতাকর্মীদের একটি অংশ বিক্ষোভ করেন। এ সময় তার পিএস জনি নন্দী ঘটনাস্থলে এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে তাকে হেফাজতে নেয় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ প্রধানের মন্তব্যের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে তার বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপি নেতাকর্মীদের একটি অংশ। এ সময় রাশেদ প্রধানের পিএস সেখানে এসে উসকানিমূলক আচরণ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, রাশেদ প্রধানের বাসার সামনে থেকে জনি নামের একজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা বলেন, কর্মসূচি পালনকারীরা সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় হঠাৎ জনি নন্দী এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন। পরে সেখান থেকে পুলিশ তাকে সরিয়ে আনে। আপাততে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে রাশেদ প্রধান তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যে করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।




