ভ্যান চালক মঞ্জু হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালের গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু বেপারী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রামবাসী।

শুক্রবার (১৫মে) বেলা সাড়ে ১০টার দিকে গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ‘কাসেমাবাদ-হরিসেনাবাসী’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক গ্রামবাসী অংশ নেন।

সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

অবরোধ চলাকালীন সময়ে গ্রামবাসী বলেন, নির্মম হত্যাকাণ্ডের শিকার ভ্যান চালক মঞ্জু বেপারীকে হত্যার প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত খুনিদের শনাক্ত করে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা অতিদ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে ভ্যান চালক মঞ্জু বেপারী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিলে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।

এর আগে, গত ১০ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে কাসেমাবাদ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মঞ্জু বেপারী নিজ বাড়িতে ফেরার পথে মৃত ইয়াসিন খানের বাড়ির সংলগ্ন নির্জন সড়কে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জাগো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top