বরিশাল জার্নাল ডেস্ক
পটুয়াখালীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া জুস উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৫ মে) দুপুরে কলাপাড়া পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়কসংলগ্ন ওই কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ। অভিযানের সময় কারখানা থেকে ১৫৫ প্যাকেট অবৈধ জুস জব্দ করা হয় এবং পরে জনসম্মুখে পেভার মেশিন দিয়ে সেগুলো ধ্বংস করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
অভিযানে দেখা যায়, কারখানাটি কোনো ধরনের লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ম্যানুয়াল পদ্ধতিতে জুস উৎপাদন করছিল। সেখানে ব্যবহৃত প্রিজারভেটিভ ও বিভিন্ন রাসায়নিক উপাদানও ছিল অনুমোদনহীন। পাশাপাশি উৎপাদিত জুস বাজারজাতের প্রস্তুতির প্রমাণও পাওয়া যায়।
এ ঘটনায় কারখানার মালিক মাসুদ সিকদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ও ৫২ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ইউএনও মো. কাউছার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেছেন, অনুমোদনহীন রাসায়নিক ব্যবহার করে তৈরি এসব পানীয় শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, যা কিডনি, লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, বিএসটিআই অনুমোদনবিহীন জুস কারখানা, বেকারি ও আইসক্রিম কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আগামীর সময়




