শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে বাকাল ইউনিয়নের পয়সা গ্রাম থেকে মৃত সেলিম শিকদারের ছেলে নাঈম শিকদার এবং গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার নাগরা গ্রামের মৃত ওমেদ আলী খানের ছেলে রিয়াজুল খান রেজাউলকে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এছাড়া একই রাতে উপজেলার বাইপাস সড়কের একটি তেলের পাম্প সংলগ্ন এলাকা থেকে মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে সালাম ফকিরকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ মাসুদ খান। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




