মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের টেঁটাযুদ্ধ

বরিশাল জার্নাল ডেস্ক

নরসিংদীতে খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় করাকে কেন্দ্র করে ফের বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। সদর উপজেলার মাধবদী থানার চরাঞ্চল চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার (৮ নভেম্বর) সকালে মাইকে ঘোষণার পর দুই দফায় এ সংঘর্ষ হয়।

মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গত সোম ও মঙ্গলবার দু’পক্ষের দুই দফা সংঘর্ষের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। শনিবার (৮ নভেম্বর) ভোরে পুলিশ না থাকার সুযোগে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশ পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, ভোরে পুলিশের উপস্থিতি দেখতে না পেয়ে দু’পক্ষের মধ্যে উত্তজনা দেখা দেয়। এতে ২/৩ জন সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ব্যাপারে তিনি অবগত নন।

পুলিশ ও স্থানীয়রা জানান, চরদীঘলদী ইউনিয়নের জিরতরামপুরের খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় ও আধিপত্য বিস্তার করা নিয়ে স্থানীয় শহিদ মিয়া মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সকালে পুলিশ না থাকার সুযোগে মাইকে ঘোষণা দিয়ে ফের টেঁটা ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এতে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতরা পুলিশী গ্রেফতার এড়াতে বিভিন্ন হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে শহিদ মিয়া মেম্বার ও চাঁন মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের বব্যহৃত নম্বর বন্ধ পাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top