লালমোহন জামায়াতের প্রতিনিধি সম্মেলন, রমাগঞ্জ ইউপিতে প্রার্থী ঘোষণা

মোঃ নাঈম, লালমোহন
ভোলা জেলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের মূল আকর্ষণ ছিল রমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা।

সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়—রমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহকারী অধ্যাপক মাওলানা মামুনুর রশিদকে মনোনীত করা হয়েছে। পাশাপাশি ইউনিয়নের সাতটি ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থীর নামও প্রকাশ করা হয়। তারা হলেন— ১নং ওয়ার্ড:  আব্দুল করিম, ২নং ওয়ার্ড: মাওলানা কামাল উদ্দিন, ৩নং ওয়ার্ড: মোঃ আহসান শরীফ (সহকারী শিক্ষক), ৫নং ওয়ার্ড: মোহাম্মদ রাশেদ তালুকদার (এম.এ), ৬নং ওয়ার্ড: হাফেজ মোহাম্মদ বেলাল, ৭নং ওয়ার্ড: মাওলানা আব্দুল খালেক (সহকারী শিক্ষক), ৮নং ওয়ার্ড: মোঃ জুবায়ের (সহকারী শিক্ষক)

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম (মহাসচিব বিডিপি)। তিনি বলেন, মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করতে হবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। এই উপজেলাকে একটি ন্যায়ভিত্তিক সমাজে প্রতিষ্ঠা করতে আমরা সদা প্রস্তুত থাকবো।

এর আগে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম পৃথক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়। সেগুলো হলো : কালমা ইউনিয়ন থেকে মাওলানা কাজী শাহে আলম, বদরপুর ইউনিয়ন থেকে সহকারী অধ্যাপক মাওলানা রুহুল আমিন, চরভূতা ইউনিয়ন থেকে মাওলানা নিজাম উদ্দিন, লডহার্ডিন্জ ইউনিয়ন থেকে মো. আলমগীর হোসাইন সোহাগ, ফরাজগঞ্জ ইউনিয়ন থেকে মোঃ হাসনাইন আল মূসা এবং ধলিগরনগর ইউনিয়ন থেকে মাওলানা মো. নোমান।

আয়োজকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণের আস্থা অর্জন ও সুশাসন প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য। তারা বিশ্বাস করেন, তৃণমূল থেকে নেতৃত্বের বিকাশের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top