নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না : সেলিমা রহমান

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করেছিল স্বৈরাচার হাসিনা খালেদা জিয়া কারও সঙ্গে আপস করেননি। এখনো নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, তবে বিএনপি তা মেনে নেবে না।

শনিবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের একটি স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। এছাড়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম শফিউল আজম শাহিন। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, আব্দুস সাত্তার খান, ইসরাত হোসেন কচি তালুকদার, আমিনুল ইসলাম লিপন এবং মহসিন আলম। বাবুগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের দুই সহস্রাধিক নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top