মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হিফজুল মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতা সিজন-২ এর চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন হাফেজ মোঃ সাইফুল ইসলাম।
বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন কোরআন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ও ভোলা-২ আসনের সংসদ সদস্য মোঃ হাফিজ ইব্রাহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। এসময় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য সরোয়ার আলম খাঁন, কাজী শহীদুল আলম নাসিম, শিহাবউদ্দিন হাওলাদারসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন, আগামী রমজান থেকে এ প্রতিযোগিতা শুধু উপজেলা নয়, পুরো ভোলা জেলার কোরআনের শিক্ষার্থীদের নিয়ে বৃহৎ পরিসরে আয়োজন করা হবে। তিনি বিজয়ী হাফেজদের অভিনন্দন জানান।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেখান থেকে বাছাইকৃত ২০ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মোঃ আফজাল হোসাইন, হাফেজ মাওলানা মোঃ ইসমাইল হোসেন ও হাফেজ মাওলানা মোঃ সানাউল্ল্যাহ।
ফাইনালে বিচারকদের রায়ে দ্বিতীয় স্থান অর্জন করেন হাফেজ মোঃ মহসিন উদ্দিন (বেলবাহ রহমান হাফেজিয়া মাদ্রাসা) এবং তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ মোঃ ফজলে রাব্বি (আলহাজ্ব মনিরুল আলম চৌধুরী বায়তুল মামুর হাফেজিয়া মাদ্রাসা)।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান। সার্বিক সহযোগিতা করেন উপজেলা ছাত্রদল সভাপতি দানিশ চৌধুরী, সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদল সভাপতি রায়হান আহমেদ শাকিল, সিনিয়র সহ-সভাপতি আলফাজ ইসলাম জেনি এবং সাবেক সম্পাদক মনোয়ার হোসেন টিপু।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়নকে ৫০ হাজার টাকা, প্রথম রানার আপকে ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপকে ২০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীরা যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার টাকা পুরস্কার পান। আরও ১৫ জন প্রতিযোগীকে ২ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা প্রদান করা হয়।




