মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী কলা বগান থেকে ইসরাক হোসেন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার ২১ (নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে তাদের বাড়ির পাশ্ববর্তী বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ইসরাক হোসেন কুতুবা ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির সৌদি প্রবাসী শেখ ফরিদের একমাত্র পুত্র বলে জানা গেছে।
নিহত ইশরাক হোসেনের মামা নয়ন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভাগিনাকে খুঁজে পাওয়া যায়নি। পরে আমরাসহ ওদের বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর এক মহিলা ওদের বাড়ির পার্শ্ববর্তী কলাবাগানে পড়ে থাকতে দেখে পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ছিদ্দিকুর রহমান জানান, একটি শিশুর লাশ পাওয়া গেছে বিষয়টি তদন্ত চলছে। পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান আছে।




