জুলাই ঘোষণাপত্রে সর্বস্তরের মানুষের কথা থাকতে হবে: ভোলায় সারজিস

 

এম লোকমান হোসেন : জাতীয় নাগরিক কমিটির প্রধান মুখপাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ঘোষণাপত্রে কোন ব্যক্তি গোষ্ঠীর দায়ভার না রেখে সর্বস্তর পেশার মানুষের কথা উল্লেখ করতে হবে। ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হাত ধরে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতায় আমরা জাতির সামনে ঘোষণাপত্রে পেশ করতে বদ্ধপরিকর। আশা করছি সরকারও এনিয়ে কোন ধরনের বৈষম্য সৃষ্টি করবেন না।

শুক্রবার জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে ভোলা শহরের ইলিশ চত্বরে, লালমোহন ও চরফ্যাশন খাসমহল জামে মসজিদ টাওয়ার চত্বরে পৃথক পৃথক পথ সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে এবং ভোলার মানুষের সাথে কথা বলে আমি যেটি জানতে পেরেছি তা হচ্ছে- সকল শ্রেণি-পেশার মানুষ খুনি হাসিনার ফাঁসি চায়। এ সকল বিষয়গুলো ঘোষণাপত্রে স্পষ্ট থাকতে হবে।

তিনি বলেন, দূরত্ব দিয়ে কোন জেলাকে মূল্যায়ন করা যাবে না। এই জেলায় পুলিশ গুলি করে হত্যা করেছে। সে সকল পুলিশ ও পুলিশ সুপারকে বিচারের আওতায় আনতে হবে। ৭০ হাজার কোটি টাকা ব্যয় করে যদি পদ্মাসেতু করা যায় তাহলে ৫-১০ কোটি টাকা খরচ করে ভোলায় সেতু করা যাবে না কেন? গ্যাস সমৃদ্ধ এই জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা সময়ের দাবি। যোগাযোগ ব্যবস্থার কারণে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ঠিকমতো চিকিৎসা করা যায়নি। সেক্ষেত্রে এই জেলাটিকে বিশেষ নজর দেয়ার কথাও বলেন তিনি। আমরা জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে ভোলাবাসীর প্রাণের কথাগুলো পৌঁছে দেয়ার চেষ্টা করবো।

এইসময় জুলাই ঘোষণা পত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নাগরিক সংযোগ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ভোলা জেলা সফর উপলক্ষে কমিটির মুখপাত্র শামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় সদস্য আরিফুর রহমান তুহিন, আব্দুল্ল্যাহ আল মামুন ফয়ছাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মু আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

চরফ্যাশনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলা আমিন শাহরিয়ার, নূর আলম নাসিম, হাওলাদার সোহেল, ছাত্রনেতা ইয়াসিন, ছাত্রনেতা মুসা, ছাত্রনেতা ইব্রাহিম, শিক্ষক পরিষদের নেতা নাসির উদ্দিন। ব্যবসায়ী নেতা নোমান, সাংবাদিক এবং প্রশাসনের ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাসহ বিপুল পরিমাণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top