মন্ত্রীর আশ্বাসেও মেলেনি স্বস্তি, বরিশালে ঈদযাত্রায় বাড়তি ভাড়ার নৈরাজ্য

বরিশাল জার্নাল ডেস্ক

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সম্প্রতি আশ্বস্ত করেছিলেন যে, ঈদে কোথাও বাড়তি ভাড়া নেওয়া হবে না। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।

বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে আসা যাত্রীদের অভিযোগ, মন্ত্রীর বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। প্রতিটি রুটেই যাত্রীদের কাছ থেকে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব চলছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নথুল্লাবাদ টার্মিনালে ঢাকা থেকে আসা বিভিন্ন পরিবহনের যাত্রীদের সঙ্গে আলাপকালে এই ভাড়ার নৈরাজ্যের চিত্র ফুটে ওঠে।

ঢাকা থেকে হানিফ, শ্যামলী, সুগন্ধা ও বিএমএফসহ বিভিন্ন বাসে আসা যাত্রীরা জানান, ঈদ ও তেল সংকটের অজুহাতে তাদের পকেট কাটা হচ্ছে। যে পথে নিয়মিত ভাড়া ৩৫০ থেকে ৫০০ টাকা, সেখানে এখন নেওয়া হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকা। এছাড়া সায়েদাবাদ থেকে এক বাসের টিকিট দিয়ে অন্য বাসে তুলে দেওয়া এবং দালাল চক্রের খপ্পরে পড়ে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে বলে অনেক যাত্রী অভিযোগ করেছেন।

ভাড়া বৃদ্ধির দায় নিতে নারাজ বাসের চালক ও শ্রমিকরা। তাদের দাবি, যারা কাউন্টার পরিচালনা করেন তারা মালিকদের কাছ থেকে ঈদ উপলক্ষে বাস ‘ইজারা’ নিয়েছেন। এই তৃতীয় পক্ষই মূলত বাড়তি ভাড়া আদায় করছে।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন বলেন, বরিশাল থেকে কোনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। ঢাকা থেকে আসা বাসে বেশি ভাড়া রাখলে সেই দায় আমাদের নয়। এছাড়া বিআরটিএ থেকে এবার কোনো ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।

ভাড়া নিয়ন্ত্রণ ও যাত্রী হয়রানি বন্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত মনিটরিং করছে। অভিযানের সময় হানিফ পরিবহনের ২১ জন যাত্রীকে বাড়তি নেওয়া ২০০ টাকা করে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং কয়েকটি পরিবহনকে জরিমানাও করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার দুপুরে নথুল্লাবাদ টার্মিনাল পরিদর্শন করেন বরিশাল সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বিভিন্ন কাউন্টার ও বাসে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, বিসিসির পক্ষ থেকে যাত্রীদের জন্য বিশুদ্ধ পানি ও ছাউনির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাড়তি ভাড়া রোধে পুলিশ ও মালিক সমিতির সমন্বয়ে বিশেষ মনিটরিং ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেন তিনি। কালবেলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top