বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল-ঢাকা মহাসড়কের রামপট্টি বালুর মাঠ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আব্দুল বাহিড় (৪০), বেদে সম্প্রদায়ের সদস্য। তিনি বাজার করতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ধামুরার উদ্দেশে ছেড়ে আসা ‘ঝিনুক পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকা বাহিড়কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং বাসের আরও ৫-৬ জন যাত্রী আহত হন।
স্থানীয়রা দ্রুত বাহিড়কে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির সিকদার জানান, ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। বাসটি শনাক্ত করে জব্দ করার চেষ্টা চলছে। নিহত পথচারীর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
এদিকে, ২৪ ঘণ্টার ব্যবধানে একই মহাসড়কে আরও একটি দুর্ঘটনায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের কামিনী পাম্প সংলগ্ন এলাকায় ‘কুয়াকাটা পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে পেছনে থাকা আরোহী হাবিবুল্লাহ (২০) ঘটনাস্থলেই নিহত হন এবং চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, কামিনী পাম্প সংলগ্ন এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। অতীতে এখানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত ওই এলাকায় ট্রাফিক বক্স স্থাপন ও সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানান।




