বরিশাল জার্নাল ডেস্ক
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে ছয় বছরের শিশু রিয়া গোপ মারা যায়। আন্দোলনের সময় ঘটনাটি দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে। এবার তার স্মরণে ধানমণ্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ হয়েছে। এখন থেকে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই স্থাপনার নতুন নাম সংশ্লিষ্টদের অবহিত করেছেন। এর আগে জাতীয় স্টেডিয়ামসহ দেশ শতাধিক ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
আন্দোলন চলাকালে ১৯শে জুলাই বিকালে নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় বাসার ছাদে খেলছিল শিশু রিয়া গোপ। কিছুক্ষণ পরই বাসার সামনে হইহল্লা শুরু। এমনটা দেখেই রিয়ার বাবা ছুটে যান ছাদ থেকে মেয়েকে ঘরে আনতে। নিয়তির কী পরিহাস, মেয়েকে কোলে নিতেই একটি বুলেট এসে লাগে রিয়ার মাথায়। মুহূর্তেই রিয়া ঢলে পড়ে বাবার কোলে। রক্তে ভেজা মেয়েকে নিয়ে বাবা ছোটেন হাসপাতালে। কিন্তু বাঁচানো গেল না রিয়াকে।
ঢাকা মেডিকেলে চিকিৎসা চলাকালিন সময়ে সবাইকে কাঁদিয়ে মেয়েটি চলে যায় না ফেরার দেশে। ক্ষমতা গ্রহণের পর ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। ক’দিন আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে করা হয় জাতীয় স্টেডিয়াম, ঢাকা। গতকাল আরও চারটি ক্রীড়া স্থাপনার নতুন নামকরণ হলো।
ধানমণ্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশাপাশি শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সকে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স হিসেবে নামকরণ করা হয়েছে। এ ছাড়া রমনা টেনিস কমপ্লেক্স থেকে ‘শেখ জামাল’ বাদ দিয়ে জাতীয় টেনিস কমপ্লেক্স করা হয়েছে আর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের শেখ কামাল অডিটরিয়ামের নতুন নাম রাখা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন।



