বরিশাল জার্নাল ডেস্ক
মূলতানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে পাকিস্তান। আবদুল্লাহ শফিক, শান মাসুদ ও আগা সালমানের সেঞ্চুরিতে ৫৫৬ করে অলআউট হয়েছে পাকিস্তান।
৪ উইকেটে ৩২৮ রান নিয়ে প্রথম দিন শেষ করা পাকিস্তান মঙ্গলবার দ্বিতীয় দিনের সকাল থেকে একের পর এক উইকেট হারাতে থাকে। তবে ৮ নম্বরে নামা আগা সালমান লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। শাহিন আফ্রিদি (২৬) ছাড়া আর কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত ওয়ানডে মেজাজে খেলে ১১৯ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন সালমান। এটি তার ১৫ টেস্টের ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি।
অন্য প্রান্ত দিয়ে একের পর এক উইকেট পড়তে থাকলে চা বিরতির কিছু পর অলআউট হয় শান মাসুদের দল।
এর আগে প্রথম দিনেই পাকিস্তানকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ওপেনার আবদুল্লাহ শফিক ও অধিনায়ক শান মাসুদ। শফিক ১৮৪ বলে ১০২ এবং মাসুদ ১৭৭ বলে ১৫১ রান করেন। এছাড়া সৌদ শাকিলের ব্যাট থেকে আসে ৮২ রান।
ইংল্যান্ডের পক্ষে জ্যাক লিচ তিনটি উইকেট নিয়েছেন।
পাকিস্তান অলআউট হওয়ার পর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস শুরু করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অধিনায়ক অলি পোপের উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে সফরকারীরা।




