ভিয়েতনামের মাঠে বাংলাদেশের হতাশার হার

বরিশাল জার্নাল ডেস্ক

ভিয়েতনামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকেই ছন্দহীন ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই তিন গোল হজম করে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় হাভিয়ের কাবরেরার দল। শেষ পর্যন্ত সেই ব্যবধান আর কমাতে না পেরে ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজদের।

 

হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। মাত্র অষ্টম মিনিটেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে ডিফেন্ডার জায়ান আহমেদের ভুলে বল জড়িয়ে যায় নিজেদের জালে।

 

প্রথম ধাক্কা সামলানোর আগেই ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। কর্নার থেকেই আবারও বিপদ—বাঁকানো বলে হেড করে গোল করেন প্যাম চুন মান। বাংলাদেশের রক্ষণভাগ তখন পুরোপুরি চাপে।

 

এরপর কয়েকটি আক্রমণ ঠেকানোর চেষ্টা করলেও ৩৮ মিনিটে আর রক্ষা হয়নি। বক্সের বাইরে থেকে কোনাকুনি জোরালো শটে ব্যবধান ৩-০ করেন নগুয়াইন হাই লং। গোলটি ঠেকাতে ব্যর্থ হন ডিফেন্ডার তারিক কাজী ও ফাহমেদুল ইসলাম।

প্রথমার্ধে পুরোপুরি ব্যাকফুটে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে কিছুটা সংগঠিত ফুটবল খেলতে পারলেও গোলের দেখা পায়নি। ফলে ব্যবধান আর বাড়েনি ঠিকই, কিন্তু ম্যাচে ফেরার সুযোগও তৈরি করতে পারেনি দল।

 

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে এই ম্যাচটি ছিল কাবরেরার দলের জন্য বড় পরীক্ষা। সাম্প্রতিক সময়ে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেললেও, শক্তিশালী দলের মুখোমুখি হয়ে বাংলাদেশের সীমাবদ্ধতাই স্পষ্ট হয়ে উঠেছে এই ম্যাচে।

 

আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে এই হার দলটির জন্য যেমন সতর্কবার্তা, তেমনি নিজেদের গুছিয়ে নেওয়ারও সুযোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top