‘নাহিদ একাদশে না থাকলেই খুশি হয় প্রতিপক্ষ’

বরিশাল জার্নাল ডেস্ক

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা এখন ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রে। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি লিগ, তার গতিময় বোলিং নিয়মিতই চাপে ফেলছে প্রতিপক্ষের ব্যাটারদের। আর এই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে নিয়ে বাড়িয়েছে প্রত্যাশা।

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট মনে করেন, নাহিদের বর্তমান ফর্ম এবং ফিটনেস এমন পর্যায়ে রয়েছে যে তাকে দলে না দেখলেই স্বস্তি পাবে প্রতিপক্ষ।

চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে টেইট বলেন, নাহিদ শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত এবং টানা ম্যাচ খেললেও তার ওপর অতিরিক্ত চাপ পড়ছে না। তার ভাষায়, নাহিদের গতি ও ধারাবাহিকতা এমন যে যে কোনো দলই তাকে এড়িয়ে যেতে চাইবে।

 

নাহিদের সাফল্যের পেছনে তার অ্যাথলেটিক সক্ষমতাকে বড় কারণ হিসেবে দেখছেন এই অস্ট্রেলীয় কোচ। তার মতে, শুধু গতি নয়, শক্তিশালী শরীর ও ফিটনেসই তাকে আলাদা করে তুলছে।

টেইট আরও জানান, আপাতত নাহিদের বোলিংয়ে অতিরিক্ত বৈচিত্র্য আনার প্রয়োজন দেখছেন না তিনি। বরং তার স্বাভাবিক শক্তি, অর্থাৎ গতি ও বাউন্স নিয়েই কাজ চালিয়ে যেতে চান।

নাহিদের বাউন্সার নিয়েও বিশেষভাবে সন্তুষ্ট কোচ। তার মতে, এই গতিতে বাউন্সার করা খুব কম বোলারের পক্ষেই সম্ভব। যদিও সব সময় সেই ডেলিভারি থেকে উইকেট না এলেও, এটি ব্যাটারদের অস্বস্তিতে ফেলতে যথেষ্ট কার্যকর।

বাংলাদেশের কন্ডিশনে এমন গতিতে বোলিং করা নাহিদের ফিটনেসের প্রমাণ বলেও উল্লেখ করেন টেইট। তার মতে, একজন তরুণ বোলার যখন নিয়মিত ১৪৫ থেকে ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে, তখন তাকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হওয়াটা স্বাভাবিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top