বরিশাল জার্নাল ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের হোম টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ২০ এপ্রিল। এর আর এক সপ্তাহ বাকি থাকলেও এই সিরিজ কোথায় দেখা যাবে, তা জানা যায়নি এখনও। তার মূল কারণ এখনও যে সম্প্রচার স্বত্বই বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলতি বছরের ১৯ মার্চ বিসিবি এই সিরিজের জন্য আগ্রহপত্র (ইওআই) আহ্বান করে, যেখানে আর্থিক প্রস্তাবও চাওয়া হয়। সিরিজটি শুরু হওয়ার কথা ২০ এপ্রিল থেকে। তবে আগ্রহপত্র জমার শেষ তারিখ ছিল ৭ এপ্রিল, আর ওই সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানই প্রস্তাব দেয়নি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হোম সিরিজগুলো টিভিতে সম্প্রচার হয়েছে টি স্পোর্টস ও জিটিভিতে, মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের অক্টোবরে সিরিজের মাধ্যমে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।
বিজ্ঞাপন বাজারের মন্দার কারণে তার প্রতিষ্ঠানও আগ্রহ দেখায়নি বলে জানা গেছে। যার ফলে মিডিয়া ব্ল্যাকআউটের একটা শঙ্কা তৈরি হয়েছে।
তবে এমন পরিস্থিতিতে একটা উপায় আছে খেলা দেখানোর। বিসিবি শেষমেশ সম্প্রচার স্বত্ব বিক্রি করতে না পারলে রাষ্ট্রায়ত্ব টিভি চ্যানেল বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এই ম্যাচ দেখানোর ব্যবস্থা করতে পারে।




