একযুগ পর বরিশালে ফিরছে ক্রিকেট, শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ টি-টোয়েন্টি লীগ

ডেস্ক রিপোর্ট

প্রায় এক যুগ পর বরিশালের জীবনানন্দ দাশ স্টেডিয়ামে আবারও শুরু হতে যাচ্ছে ক্রিকেট লীগ। ঈদের পরপরই ৩২টি দল নিয়ে মাঠে গড়ানোর কথা রয়েছে দ্বিতীয় বিভাগ টি-টোয়েন্টি ক্রিকেট লীগ। মূল স্টেডিয়ামে সংস্কারকাজ চলমান থাকায় আপাতত আউটার স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

 

বরিশাল জেলা ক্রীড়া সংস্থা জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ঈদের পরই লীগের কার্যক্রম শুরু করা হবে। দীর্ঘদিন পর বরিশালে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরায় স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াঙ্গনে নতুন করে প্রাণ ফিরে এসেছে।

 

জানা গেছে, সর্বশেষ ২০১৩ সালে বরিশাল স্টেডিয়ামের ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় বিভাগ টি-টোয়েন্টি ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে কোনো বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। ফলে অনেক ক্লাবের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং নতুন খেলোয়াড়দের জন্য সুযোগও কমে যায়। জাতীয় পর্যায়ে খেলতে আগ্রহী অনেক ক্রিকেটারকে ঢাকাসহ অন্যান্য জেলায় গিয়ে নিজেদের প্রমাণ করতে হয়েছে।

 

এবার নতুন উদ্যোগে আবারও বরিশাল জেলা পর্যায়ে লীগ শুরু হচ্ছে। মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৪০০টি ক্লাব ও ক্রিকেট একাডেমি থাকলেও এবারের আসরে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে ৩২টি দল। আবেদনকারীদের মধ্য থেকে এই দলগুলোকে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থা।

দীর্ঘদিন পর লীগ শুরুর খবরে উচ্ছ্বসিত স্থানীয় খেলোয়াড়রাও। অনুশীলনে থাকা কয়েকজন ক্রিকেটার জানান, আগে খেলার সুযোগের জন্য তাদের ঢাকাসহ অন্য জেলায় যেতে হতো। এখন নিজ জেলাতেই প্রতিযোগিতামূলক ক্রিকেট শুরু হওয়ায় নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। তবে তারা চান এই আয়োজন যেন নিয়মিত হয় এবং মাঠের সংস্কার দ্রুত শেষ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলা আয়োজনের জন্য ভালো মানের হোটেল, জিম ও সুইমিংপুলসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার দাবিও জানিয়েছেন তারা।

 

বেসিক ক্রিকেট একাডেমির পরিচালক এজাজ আল মাহমুদ সুজন বলেন, ‘এতদিন খেলোয়াড়রা অনুশীলন করলেও নিজেদের তুলে ধরার মতো কোনো প্ল্যাটফর্ম ছিল না। গত ১৩ বছরে অনেক সম্ভাবনাময় ক্রিকেটার আমরা হারিয়েছি। দ্বিতীয় বিভাগ লীগ শুরু হওয়ায় নতুনদের সামনে সুযোগ তৈরি হবে। আশা করছি সামনে প্রথম বিভাগ লীগও শুরু হবে।’

 

একই মত দিয়েছেন বরিশাল জেলা ক্রিকেট দলের কোচ মাহমুদুল হাসান তামিম। তিনি বলেন, ‘নতুন খেলোয়াড়রা এই লীগে খেলে অভিজ্ঞতা অর্জন করবে এবং নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। দীর্ঘদিন পর বরিশালে লীগ শুরু হওয়াটা খুবই ইতিবাচক।’

 

বরিশাল জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুল ইসলাম জানান, আপাতত মাঠে ক্রিকেট ফেরানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে প্রথম বিভাগ ও প্রিমিয়ার লীগ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ফুটবলেও প্রথম বিভাগ লীগ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।

 

তিনি বলেন, ‘মূল ক্রিকেট স্টেডিয়ামের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে চলায় সেখানে ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। আপাতত আউটার স্টেডিয়ামে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্রিকেট এবং এরপর ফুটবল খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। মাঠের কাজ শেষ হলে মূল স্টেডিয়ামেও খেলা শুরু করা যাবে।’

 

এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য ৫ হাজার টাকা এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে, যা ২০১৩ সালের লীগেও একই ছিল।

 

বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, ‘আমরা চাই ঈদের পরপরই লীগ শুরু করতে। সে লক্ষ্যেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top