ক্রীড়া ডেস্ক
২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে মোরসালিনের একমাত্র গোলে তারা ১-০ ব্যবধানে জয় তুলে নেয়। স্বাভাবিকভাবেই এমন সাফল্যে স্বাগতিক ফুটবলার থেকে সমর্থকদের উচ্ছ্বাস যেন বাঁধ মানছিল না।
অন্যদিকে, রাজ্যের হতাশা ছিল ভারতীয় ডাগআউটে। অনেকটা মাথা নিচু করেই মাঠ ছাড়ে খালিদ জামিলের শিষ্যরা। দেশটির গণমাধ্যমেও এমন হারকে ‘লজ্জার’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
দক্ষিণ এশিয়ান ডার্বির পর ভারতের বেশকিছু গণমাধ্যম বিশ্লেষণ করে দেখা গেছে, দ্য হিন্দু, এনডিটিভি, ফার্স্ট পোস্টসহ বেশিরভাগ মূলধারার সংবাদমাধ্যমগুলোতে ভারতের হারকে লজ্জার হিসেবে চিত্রায়িত করা হয়েছে।
২০০৩ সালে ঢাকা স্টেডিয়ামেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে বাংলাদেশ ভারতকে পরাজিত করেছিল। ২২ বছর পর এবার একই মাঠে বাংলাদেশ জিতল শেখ মোরসালিনের গোলে। বাংলাদেশ ম্যাচের ১২ মিনিটে লিড নেয়। শেষ পর্যন্ত তার গোলেই অবিস্মরণীয় জয়ের মুহূর্ত।




